ভেনেজুয়েলার ধ্বংসযজ্ঞ ছুঁয়ে গেছে পৃথিবীর সকল মানুষকে। ভূমিকম্পে মানুষের আর্তনাদে ভারি হয়ে উঠেছে আকাশ-বাতাস। সেই মর্মবেদনা স্পর্শ করেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকেও। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের শুরুতেই ভূমিকম্পে মৃত মানুষদের প্রতি তার আবেগের কথা জানান।
আর্জেন্টিনা জাতীয় দলের কোচ গত বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে গভীর শোক প্রকাশ করেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্যোগে অন্তত ৯২০ জনের মৃত্যু হয়েছে।
শনিবার জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনের শুরুতেই স্কালোনি বলেন, ‘সবার আগে আমি ভেনেজুয়েলার জনগণের প্রতি আমার আন্তরিক সহানুভূতি জানাতে চাই। আমরা যা দেখছি, তা বিশ্বাস করা কঠিন। এটি অত্যন্ত হৃদয়বিদারক।"
দক্ষিণ আমেরিকার দেশটি থেকে আসা ধ্বংসযজ্ঞের চিত্র নিয়ে তিনি আরও বলেন, ‘তারা খুব কঠিন সময় পার করছে। আমরা আশা করি বিশ্বের সব দেশ তাদের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে।’
গত বুধবার ভেনেজুয়েলায় রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প কয়েক মিনিটের ব্যবধানে আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা রাজ্য। এছাড়া রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে।
এখন পর্যন্ত নিশ্চিত হওয়া মৃত্যুর সংখ্যা ৯২০ জনে পৌঁছেছে। এছাড়া ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ, যাদের ধ্বংসস্তূপের নিচে উদ্ধার করার চেষ্টা চলছে।
আরআর/এমএমআর








